সন্তানকে কিভাবে মানুষ করবেন?

সন্তান মানুষ করা কোনো সহজ দায়িত্ব নয়। এটি শুধুমাত্র একটি শিশুকে বড় করে তোলার বিষয় নয়, বরং তার মনের গঠন, চিন্তার কাঠামো এবং নৈতিক ভিত্তিকে এমনভাবে তৈরি করা—যাতে সে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, নিজের জন্য নয়, অন্যের জন্যও হতে পারে আশীর্বাদ।
অনেক বাবা-মা আছেন, যারা নিজের অজান্তেই সন্তানকে এমন পথে ঠেলে দেন, যেখানে সে হারিয়ে যায়। আবার অনেকে আছেন, যারা ধৈর্য, জ্ঞান এবং হৃদয়ের সমন্বয়ে গড়ে তোলেন একটি চরিত্রবান প্রজন্ম। এই লেখাটি তাদের জন্য, যারা সন্তানকে মানুষ হিসেবে গড়তে চান, সফল বানাতে নয়।
(১) সন্তানের সম্মানবোধ গড়ে তুলুন, তার আগে তাকে সম্মান দিন
শিশু হোক কিংবা কিশোর—প্রতিটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য। আপনি যদি তাকে ছোট-খাটো ভুলে তিরস্কার করেন, বিশেষ করে অন্যদের সামনে, তাহলে সে নিজেকে অপমানিত ও মূল্যহীন ভাববে।
আপনি যদি তাকে সব সময় এমন বার্তা দেন, “তুই কিছুই পারিস না”, “তুই আমার জীবনের বোঝা”, তাহলে সে আপনার মুখের কথাগুলোকে নিজের চেতনায় গেঁথে নেবে। আর এই কথাগুলোই হয়ে উঠবে তার আত্মবিশ্বাস নষ্ট করার বিষ। সম্মান দিয়ে কথা বলুন, কারণ আপনার সন্তানও একদিন মানুষ হয়ে উঠবে—আপনার মতোই একজন অভিভাবক।
(২) তার কথা শোনার জন্য সময় দিন
একটি শিশু যখন আপনাকে কিছু বলতে চায়, তখন হয়তো সেটি আপনাকে গুরুত্বহীন বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু তার জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সেই সময়টুকু না দেন, সে শিখে যাবে—“আমার কথা কেউ শোনে না।”
এই ছোট ছোট অবহেলাগুলো জমে এক সময় বড় রূপ নেয়। আর তখন আপনি বলবেন, “আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না।” অথচ তার শুরুটা হয়েছিল আপনার না-শোনা থেকে।
(৩) ভয় নয়, দায়িত্ব ও বোঝাপড়ার শিক্ষা দিন
অনেকে মনে করেন—ভয় দেখিয়ে, শাসন করে সন্তানের ভেতর শৃঙ্খলা আনা যায়। কিন্তু বাস্তবতা হলো, ভয় দিয়ে কেউ দীর্ঘমেয়াদে সৎ থাকতে পারে না। সে শুধু আপনার চোখে থাকার সময়টুকুতে ভদ্র থাকবে, কিন্তু আপনার অগোচরে যা খুশি তাই করবে।
আপনি যদি তাকে বোঝাতে পারেন, “তুমি ভালো কাজ করলে তুমি নিজেই শান্তি পাবে”—তাহলে সে বুঝে দায়িত্ব নিতে শিখবে। শাসন থাকবে, কিন্তু ভালোবাসার ভিতের ওপর।
(৪) সন্তান ভুল করবে—তাকে শেখাতে ভুলটি ব্যবহার করুন
একটি শিশু বা কিশোর ভুল করতেই পারে। ভুল করে শেখার নামই তো শিখন। আপনি যদি শুধু দোষ দেন, গালি দেন, মারেন—তাহলে সে ভুল থেকে শিখবে না, বরং তা গোপন করতে শিখবে। আর একদিন আপনি হারাবেন তাকে।
ভুল করলে বলুন, “তুমি ঠিক কাজ করোনি, কিন্তু তুমি পারো ঠিক কাজ করতে। আমি তোমার পাশে আছি।” এই বাক্যটি তার জীবনে পাহাড়সম শক্তি হয়ে থাকবে।
(৫) নিজের জীবনের বাস্তবতা তার সামনে তুলে ধরুন, কিন্তু চাপিয়ে নয়
আপনি যদি ছোটবেলায় কষ্টে বড় হয়ে থাকেন, সেটি বলুন—তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। কিন্তু যদি বলতেই থাকেন, “আমার সময় কিছু ছিল না, তোকে কিছু দেব না”—তাহলে সে আপনার কষ্টের প্রতি শ্রদ্ধা নয়, বিরক্তি তৈরি করবে।
বলুন, “আমি যা পাইনি, চাই তুমি তা পাও। কিন্তু সে জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে, কষ্ট করতে হবে।” এই কথায় সে উপলব্ধি করবে—আপনি তার পাশে আছেন, কিন্তু তাকে যোগ্যও হতে হবে।
(৬) সন্তানকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন
একটি শিশু যখন বলে—“আমি এই জামাটা পরবো”, কিংবা “আজ আমি ডিম খেতে চাই না”—সেটিকে গুরুত্ব দিন। আপনি যদি প্রতিটি সিদ্ধান্ত তার হয়ে নেন, তাহলে সে কোনোদিন নিজে সিদ্ধান্ত নিতে পারবে না।
পরিণত বয়সে সে হয়ে উঠবে একজন Confused, পরনির্ভরশীল মানুষ। আপনি কি সেটা চান?
(৭) প্রতিশ্রুতি দিন যতটা রাখতে পারবেন
অনেক বাবা-মা বলেন, “তিনমাস ঠিক মতো পড়লে সাইকেল কিনে দেব।” তিনমাস পর হয়তো সামান্য ভুলের জন্য বলেন, “তুমি এটা পাবে না।” এতে সন্তানের বিশ্বাস ভেঙে যায়।
ভেঙে যাওয়া বিশ্বাস শুধু সম্পর্ক নয়, চরিত্রও নষ্ট করে দেয়। আপনি যদি কথা রাখেন, সে শিখবে—কথার মূল্য আছে। আর এ শিক্ষাই তাকে সমাজে একজন বিশ্বাসযোগ্য মানুষ করে তুলবে।
(৮) তার ভালো কাজগুলোকে স্বীকৃতি দিন
সন্তান যখন ভালো কিছু করে, তখন তাকে বলুন, “আমি গর্বিত তোমার জন্য।” এমনকি স্কুল থেকে ‘উপস্থিতি’ নিয়ে একটি সার্টিফিকেট এলেও তাকে উৎসাহ দিন। এই ছোট স্বীকৃতিগুলোই তাকে বড় কাজে সাহসী করে তোলে।
আপনার মুখের “তুমি পারো”, “তুমি আমার অহংকার”—এই শব্দগুলো তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
(৯) ভালোবাসা প্রকাশ করুন—খোলাখুলিভাবে
বাংলাদেশি পরিবারগুলোতে অনেক সময় দেখা যায়, বাবা-মা সন্তানকে ভালোবাসে, কিন্তু বলে না। প্রকাশ করে না। অথচ একটি চুমু, একটি আলিঙ্গন, একটি “তুমি আমার জীবন”—এই কথাগুলো সন্তানের মনোসংযোগ, আত্মবিশ্বাস, আচরণ সবকিছুকে গঠন করে।
ভালোবাসা যদি চাপা থাকে, তবে সেটা অনুভব করা কঠিন। সন্তানকে যতটা সম্ভব ভালোবাসা দিন, বলেও দিন।
(১০) সন্তানকে ধর্ম ও নৈতিকতা শেখান—আচরণ দিয়ে
আপনি যদি নামায না পড়েন, আর তাকে পাঁচ ওয়াক্ত পড়তে বলেন—সে শিখবে দ্বিচারিতা। বরং আপনি নিজে আগে নামাযে দাঁড়ান, তারপরে তাকে বলুন, “চলো আমার পাশে দাঁড়াও।”
শুধু মুখে নয়, কাজে তাকে শিখান—সত্য বলতে, পরিশ্রম করতে, অন্যের উপকার করতে। তখন সে শুধু আদেশ মানবে না, নিজের দায়িত্বকেও ভালবাসবে।
পরশেষে বলা যায়, সন্তান মানুষ করা কোনো যন্ত্রের কাজ নয়। এটি একটি অনুভব, একটানা ভালোবাসা, সচেতন পথচলার ফল। আপনি যদি তাকে সম্মান করেন, সময় দেন, তার উপর আস্থা রাখেন—সে অবশ্যই মানুষ হবে।
আপনার সন্তান হয়তো আপনাকে এখন বুঝবে না। কিন্তু আপনি যদি আন্তরিক হন, ভালোবাসায় অটল থাকেন—একদিন ঠিকই বলবে, “আমার বাবা, আমার মা আমাকে মানুষ করেছে।”
[কৃতজ্ঞতা: Bashir Jaman]








খুব সুন্দর একটি লেখা! সন্তানকে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা, শৃঙ্খলা আর শিক্ষা এই তিনটি জিনিসই ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে দেয়। ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য।