পর্যাপ্ত ঘুমের গুরুত্ব ও দ্রুত গভীর ঘুমের উপায়ঃ স্লিপ হাইজিন

আজকাল ছোট-বড় সবার মধ্যেই একটি বড় সমস্যা দেখা দিচ্ছে—আর তা হলো ঘুমের স্বল্পতা বা অনিয়মিত ঘুমের অভ্যাস। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমরা অনেক সময় অজান্তেই সারারাত পার করে দেই। অথচ সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুম একটি অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
ঘুম কেবল বিশ্রাম নয়, এটি ব্রেনের কাজ করার একটি বিশেষ প্রক্রিয়া। ঘুমের সময় আমাদের চোখ বন্ধ থাকে, শরীর নিষ্ক্রিয় থাকে এবং মন অবচেতনে থাকে। এই সময়ে আমাদের মস্তিষ্ক সারাদিনের শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি মেরামত করে। বিশেষ করে শরীরের কোষ এবং নিউরনের যে ক্ষতি হয়, তা ঘুমের মাধ্যমেই পুনর্গঠিত হয়।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি রাতে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য। পর্যাপ্ত ঘুম আমাদের যেসব উপকারে আসে-
- স্মৃতিশক্তি: তথ্য ও স্মৃতি ধরে রাখতে সাহায্য করে।
- সৃজনশীলতা: নতুন কিছু ভাবার ক্ষমতা ও মনোযোগ (Attention) বৃদ্ধি করে।
- সিদ্ধান্ত গ্রহণ: দৈনন্দিন জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে মস্তিষ্ককে প্রস্তুত রাখে।
আমরা যদি নিয়মিত পর্যাপ্ত না ঘুমাই, তবে আমাদের শরীর ও মনের ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে-
- মানসিক প্রভাব: মেজাজ খিটখিটে হওয়া, আচরণগত সমস্যা এবং কাজে মনোযোগ হারিয়ে ফেলা।
- উৎপাদনশীলতা হ্রাস: কর্মস্পৃহা কমে যায় এবং মানুষ দ্রুত ক্লান্ত ও অলস হয়ে পড়ে।
- আয়ু ঝুঁকি: গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ৬ ঘণ্টার কম ঘুমান, তাদের গড় আয়ু প্রায় ৬ বছর পর্যন্ত কমে যেতে পারে।
- শারীরিক রোগ: অনিদ্রার ফলে হৃদরোগ, ডিপ্রেশন, কিডনির সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত মানসিক চাপের মতো জটিল রোগ হতে পারে।
একটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমাদের নির্দিষ্ট ‘স্লিপ হাইজিন’ বা ঘুমের রুটিন মেনে চলা প্রয়োজন। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো-
- নির্দিষ্ট সময়সূচী: প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন।
- খাদ্যাভ্যাস: ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। রাতের খাবার যেন খুব বেশি মসলাদার বা ভারী না হয়।
- ক্যাফেইন বর্জন: সূর্যাস্তের পর চা, কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
- বেডরুমের পরিবেশ: রুম অন্ধকার রাখুন এবং তাপমাত্রার দিকে খেয়াল রাখুন। ঘুমানোর আগে ঢিলেঢালা পোশাক পরুন এবং প্রয়োজনে কুসুম গরম পানিতে গোসল করতে পারেন।
- শিথিলকরণ: ঘুমানোর আগে মেডিটেশন করা বা হালকা রিলাক্সেশন মিউজিক শোনা বেশ কার্যকর। বই পড়ার অভ্যাসও করতে পারেন, যা মানসিক চাপ প্রায় ৬৮% পর্যন্ত কমিয়ে দেয়।
- দিনের এক্টিভিটি: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি করুন এবং ১৫-২০ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন।
- বিছানার ব্যবহার: বিছানা কেবল ঘুমের জন্যই ব্যবহার করুন। বিছানায় বসে টিভি দেখা, খাবার খাওয়া বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। এতে মস্তিষ্কে বিছানা ও ঘুমের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হয়।
ঘুমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ইলেকট্রনিক ডিভাইস। রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বন্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করুন। স্ক্রিনের নীল আলো আমাদের ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ উৎপাদনে বাধা দেয়।
একটি বিশেষ টিপস: যদি বিছানায় শুয়ে থাকার ২০ মিনিটের মধ্যেও ঘুম না আসে, তবে জোর করে শুয়ে থাকবেন না বা ঘড়ি দেখবেন না। বিছানা থেকে উঠে অন্য জায়গায় গিয়ে হালকা কিছু পড়ুন। যখন আবার ঘুম অনুভব করবেন, তখনই বিছানায় ফিরে আসুন।
বেঁচে থাকার প্রতিটি দিন যদি আমরা কর্মক্ষম ও সুস্থ থাকতে চাই, তবে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। আজই আপনার ঘুমের রুটিন ঠিক করুন এবং শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম দিন।
সূত্র:
Shaha Tripty
MSc in Psychology
Psychologist, LifeSpring
Bangladesh
