সাইপ্রাসের আবহাওয়া কেমন?

আসসালামু আলাইকুম! আজ আলোচনা করব সাইপ্রাসের আবহাওয়া নিয়ে, যা নিয়ে বাংলাদেশের অনেকের মনে ভুল ধারণা রয়েছে। দালালদের কথায় অনেকে মনে করেন, এখানে সারাবছর শীত, বরফ পড়ে, আর গরমের কাপড়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা কী? চলুন জেনে নিই।
সাইপ্রাসের আবহাওয়া মোটামুটি বাংলাদেশের মতোই, তবে শীতকালে এখানে ঠান্ডা একটু বেশি। গরমকালে, যেমন জুন, জুলাই, আগস্ট, এবং সেপ্টেম্বর পর্যন্ত, এখানে বেশ গরম থাকে। এই সময়ে পাতলা কাপড়ই যথেষ্ট। তবে শীতকালে আবহাওয়া বেশ ভিন্ন। এখানে শীতের সময় বৃষ্টি, শিলাবৃষ্টি, এবং ঝড়ো হাওয়া বেশি দেখা যায়। বাংলাদেশের মতো শুধু ঠান্ডা ভাব নয়, এখানে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস বয়, যা শীতকে আরও কঠিন করে তোলে। তবে বরফ পড়ার মতো অতিরিক্ত শীত এখানে হয় না।
গরমকালে সাইপ্রাসে কাজের চাহিদা অনেক বেশি। রেস্তোরাঁ, হোটেল, এবং অন্যান্য খাতে লোকের প্রয়োজন হয়। এই সময়ে নির্মাণ সাইটেও কাজের চাপ থাকে। প্রতিনিয়ত, সেখানে নতুন নতুন বাঙালি ভাইয়েরা এসে কাজে যোগ দিচ্ছেন। তবে শীতকালে কাজ কমে যায়। যেখানে গরমকালে ১০ জন লোক দরকার, শীতকালে সেখানে ৩ জন রাখা হয়। বিশেষ করে বৃষ্টির দিনে বাইরের কাজ, যেমন রংয়ের কাজ, প্রায় বন্ধ থাকে।
দালালরা অনেক সময় বলে, “মোটা মোটা গেঞ্জি, হুডি, জ্যাকেট নিয়ে এসো, এখানে খুব শীত।” কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। এখন ২০২৫-এর জুন মাস যেহেতু গরমকাল, পাতলা কাপড়ই যথেষ্ট। শীতের জন্য হালকা জ্যাকেট বা সোয়েটার আনলেই চলবে। তবে বাংলাদেশ থেকে আসার সময় লাগেজের ওজন সীমিত থাকে, সাধারণত ৮-১০ কেজি। তাই অপ্রয়োজনীয় মোটা কাপড় এনে ব্যাগ ভারী করার দরকার নেই। এখানে এসে কাজ শুরু করার পর প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন।
গরমকালে সাইপ্রাসে দিন অনেক লম্বা। সন্ধ্যা ৭টায়ও রোদ থাকে, এবং সূর্য ডুবতে প্রায় ৮:৩০ বাজে। তবে শীতকালে দিন ছোট আর রাত লম্বা হয়। ফজরের আজানের আগেই কাজের জন্য প্রস্তুত হতে হয়। এখোনে সাধারনত কাজ সকাল ৬:৩০-৭:০০ টায় শুরু হয় এবং বিকেল ৩:০০-৪:০০ টায় শেষ হয়। এর মধ্যে সকালে ৩০ মিনিট, দুপুরে ১ ঘণ্টা, এবং বিকেলে ১০-১৫ মিনিটের বিরতি থাকে।
সাইপ্রাসে কাজের ক্ষেত্রে গতি ও গুণমান দুটোই গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ দ্রুত এবং সুন্দর কাজ পছন্দ করে। তুর্কি ভাষায় তারা বলে, “হাদি হাদি, আজালা আজালা” (অর্থাৎ তাড়াতাড়ি করো)। নতুন এলে ভাষার সমস্যা হতে পারে, কিন্তু তারা দেখিয়ে-বুঝিয়ে কাজ শেখায়। তাই চেষ্টা করবেন দ্রুত এবং সঠিকভাবে কাজ শেখার। কৃষি বা মাল্টা বাগানের কাজ এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো কঠিন এবং বেতন কম। শহরের কাজ, যেমন নির্মাণ বা রেস্তোরাঁ, তুলনামূলকভাবে ভালো।
অনেকে জিজ্ঞাসা করেন, সাইপ্রাসের ভিসা খোলা আছে কি না। বর্তমানে বিভিন্ন ধরনের ভিসা খোলা আছে। তবে কাজের ধরন বুঝে নিয়ে আসা উচিত। আমি শীঘ্রই আমার ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত আর্টিকেল পোষ্ট করব করব।
আজকের জন্য এখানেই শেষ। আরও তথ্যের জন্য আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ!









